নেত্রকোনার হাওরগুলোতে ট্রলারই এখন যাতায়াতের একমাত্র ভরসা
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২২:১৬
বর্ষা আসার আগেই নেত্রকোনার হাওর উপজেলাগুলোর অধিকাংশ সড়ক এখন পানিতে তলিয়ে গেছে। ভাটি এলাকায় প্রচুর বৃষ্টিপাত হওয়ায় এবং সুরমার পানি নীচের দিকে নেমে আসায় হাওরগুলো পানিতে ভরে উঠেছে। তাই সকল সড়কই এখন পানির নিচে। আর এর সাথে সাথে শুরু হয়েছে হাওরের বুকে ইঞ্জিন চালিত ট্রলার। বর্ষাতে এই ট্রলারই এখন একমাত্র যাতায়াতের যেমন ভরসা, তেমনি ব্যবসা-বাণিজ্যেরও। হাওরগুলো এখন ইঞ্জিন চালিত ছোটবড় ট্রলারের দখলে।
নেত্রকোনা জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি, কলমাকান্দা, বারহাট্টা উপজেলার কিছু অংশ ছাড়াও পার্শ্ববর্তী ধর্মপাশা, জগন্নাথপুর, মধ্যনগর, ইটনাসহ বিভিন্ন এলাকায় এই ট্রলারে ৭/৮ মাস যাতায়াত করতে হবে। পণ্য পরিবহনও করা হবে এই ট্রলারে। তবে ইঞ্জিন চালিত এই ট্রলারে চলাচল বিপজ্জনক। প্রতিবছর ট্রলার দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারায়। এরপরও পুরো বর্ষা মৌসুমে এই ট্রলারই একমাত্র ভরসা। শত শত ট্রলার চলে হাওরের বুকে। সরকার এই ট্রলার থেকে তেমন কোন রাজস্ব পায় না। ঘাটের লোকজন ট্রলার মালিকদের কাছ থেকে ব্যাপক চাঁদা নেয় বলে অভিযোগ রয়েছে।