সিলেটে হিজবুত তাহরিরের দুই সদস্য গ্রেফতার

নগরীর মদিনা মার্কেটের বিভিন্ন দোকানে গিয়ে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর লিফলেট বিতরণ করার সময় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্র সৈয়দ তানভির হাসান ও শাবি ছাত্র সাদিকুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হিযবুতের সদস্যরা প্রথমে দোকানে দোকানে গিয়ে গল্পগুজব করে। ইসলামের বিভিন্ন দিক নিয়ে তারা কথা বলে। পরে তারা হিযবুত তাহরীরের প্রচারপত্র বিলি করে দ্রুত সটকে পড়ে। এর আগে গত শনিবার তারাবির নামাজের পর নয়াসড়ক মসজিদের সামনে মুসল্লিদের মাঝে হিযবুত তাহরীরের সদস্যরা লিফলেট বিতরণ করে। গত শুক্রবারও দলটির সদস্যরা নগরীর বন্দরবাজারস্থ আবু তুরাব মসজিদ ও পাঠানটুলা জামে মসজিদে লিফলেট বিতরণ করে। এ বিষয়ে এসএমপি‘র সহকারী পুলিশ কমিশনার ইত্তেফাককে জানান, বিচ্ছিন্নভাবে নগরীতে কিছু পোস্টার লাগিয়েছে তারা। তবে পুলিশ এ বিষয়ে সতর্ক রয়েছে।