চট্টগ্রামে ১০ ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উত্পাদন ও বিক্রির দায়ে ১০ ব্যবসায়ীকে তিন লাখ ৩৮ হাজার টাকা জরিমানা ও দুই ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন। কোতোয়ালী থানার চাক্তাই এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও পচা চাল দিয়ে মুড়ি উত্পাদনের দায়ে বারআ?উলিয়া মুড়ির কারখানার মালিক আলমগীরকে এক লাখ টাকা জরিমানা ও একমাসের কারাদণ্ড, নোংরা পরিবেশে সেমাই উত্পাদন ও সংরক্ষণের দায়ে এসএম ট্রেডার্সের মালিক জিশু দেকে এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড, ময়লাযুক্ত তেল রাখার দায়ে ভেলু স্টোরের মালিক নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় শাহ আমানত অটোরাইস মিলের মালিক মো. নজরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ নগরীর ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজারে অভিযান চালিয়ে কাঁচা মরিচ ও বেগুন বাজার দরের চেয়ে বেশি দামে বিক্রি করায় চার ব্যবসায়ীকে প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের দায়ে লালখান বাজার এলাকার শামসু বেকারির মালিক শামছুল হুদাকে ৩০ হাজার টাকা, কালামিয়া বাজার এলাকার অনলী ওয়ান বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।