সাতকানিয়ায় জামায়াত ক্যাডারদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ
সাতকানিয়া(চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২২:১৮
গত শনিবার রাত ২টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা কাজীর মসজিদ স্লুইস গেইট এলাকায় জামায়াত শিবির ক্যাডারদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। এসময় জামায়াত ক্যাডার কামাল উদ্দিন ওরফে দাড়ি কামাল পায়ে গুলিবিদ্ধ হন। আহত হন সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক মাহমুদুল হাই, সেকেন্ড অফিসার নাজমূল আলম ও উপ-পরিদর্শক ইমরাজ তারেক। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ কামালকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ১টি বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
দাড়ি কামাল দলবলসহ নাশকতা সৃষ্টি জন্য গোপন বৈঠকে বসার খবর থানা পুলিশের কাছে আসে। পুলিশ উপস্থিত হয়ে বৈঠকস্থল ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত ক্যাডাররা পুলিশের উপর গুলি করতে করতে পালিয়ে যায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। দাড়ি কামাল উপজেলার মধ্যম কাঞ্চনা পাইন্যার বর বাড়ি এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে।