নেইমারের জন্য সাবেলার শুভ কামনা
স্পোর্টস রিপোর্টার, ব্রাজিল থেকে
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২২:৪৭
ইেমারের জন্য প্রার্থনায় বসেছে ব্রাজিলের মানুষজন। আবার মাঠে ফিরবে নেইমার, সেই কামনা করে ব্রাজিলের প্রার্থনালয়ে তার সুস্থতা কামনা করা হয়েছে। এমনকি আর্জেন্টিনার কোচ আলেজান্দে া সাবেলাও নেইমারের সুস্থতা কামনা করেছেন। বললেন, সুস্থ হয়ে মাঠে ফিরে আসুক নেইমার।
শনিবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসলো নেইমার প্রসঙ্গ। প্রশ্ন করা হয়েছিল নেইমার না থাকাটা আর্জেন্টিনার জন্য স্বস্তি কিনা ? তার জবাবে সাবেলা বলেন, ‘কোনো সন্দেহ নেই, নেইমার ভালো ফুটবলার। ওর (নেইমার) ভক্ত অনেক। ভালো ফুটবল খেলে। ৭০ দশকে আমি যখন আর্জেন্টিনা এবং ইংল্যান্ডে ফুটবল খেলতাম। তখন আমারও ভক্ত ছিল। আমিও (মিডফিল্ডার) অনেক ভালো প্লেয়ার ছিলাম। হয়তো নেইমারের মতো ছিলাম না। তবে আমি ১০ নম্বর জার্সির ফুটবলারদের পছন্দ করি।’
আলেজান্দ্রো সাবেলা আরো বলেন, হাসপাতালের বেড নেইমারের জন্য নয়। তার জায়গা হচ্ছে ফুটবল মাঠ।
আর্জেন্টিনা সর্বশেষ ১৯৯০ সালে ইতালির বিশ্বকাপ ফুটবলের ফাইনালে খেলেছিল জার্মানির বিরুদ্ধে। হয়েছিল রানার্সআপ। এরপর বিশ্বকাপের ৫টি আসর বসেছিল। কিন্তু ফাইনাল তো দূরের কথা, সেমিফাইনালেই উঠা হয়নি ৭৮ এবং ৮৬ এর চ্যাম্পিয়নদের। চব্বিশ বছর পর আবার আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। কোচের আবেগ উচ্ছ্বাস যেন উতরে পড়ছিল। বেলজিয়ামকে হারানোর পর কোচ সাবেলা কোয়ার্টার ফাইনাল ম্যাচটিকে ইন্টেলিজেন্ট ম্যাচ বলেছেন। বলেছেন, ‘এটা একটা স্ট্র্যাটেজিক ম্যাচ ছিল। আমার দেশের মানুষ চাইছিলো এই ম্যাচটা অতিক্রম করি। আমরা সেটা করতে পেরেছি। আর তাতে এখন আমার কাছে মনে হচ্ছে আমরা বিশ্বকাপের প্রথম চাপটা অতিক্রম করতে পেরেছি।’
ট্রফি থেকে দুই ম্যাচ দূরে আর্জেন্টিনা। কাছে মনে হলেও পথ অনেক লম্বা। অনেক কঠিন। সাবেলা বলছেন, আমাদের দরকার ছিল সেমিতে উঠা। সেমিফাইনালে উঠতে পারলে ফাইনালেও উঠতে পারবো। এখন আমরা আরো এগিয়ে যেতে পারবো।’ আর্জেন্টিনার ৫ ম্যাচে ৭ গোলের মধ্যে মেসির ৪টি। গত দুইটি ম্যাচে মেসির গোল নেই। মেসি কেমন খেললো ? সাবেলার জবাব, ‘খুবই ভালো খেলেছে। দুই তিন জনকে কাটিয়ে জায়গা বের করে ঢোকার চেষ্ট করেছে। এভাবে কয়বার ঢোকা যায়। কঠিন চেষ্টা করেছে মেসি। আমি বলব, এটা ট্যাকটিসের ম্যাচ, স্ট্র্যাটেজিক ম্যাচ। জার্সি নম্বর অনুযায়ী সবাই ভালো খেলেছে।’
ডি মারিয়া চোট পেয়েছেন। তিনি ডান উরুতে আঘাত পেয়েছেন। স্ক্যান করাতে হবে। বুধবার সাও পাওলোতে সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা শংকা আছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত করে কিছু বলার আগে সময় নিতে চান কোচ। বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের ৩৩ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১১৮ মিনিটে গোল করে প্রিকোয়ার্টার ফাইনালে ম্যাচ জিতিয়েছিলেন এই ডি মারিয়া। আলেজান্দ্রো সাবেলা জানিয়েছেন, ডি মারিয়াকে মেডিক্যাল চেকআপে পাঠানো হবে। প্রয়োজনে একদিন তার অনুশীলনটা একটু কম হবে।
বেলজিয়ামের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের একমাত্র গোলদাতা গঞ্জালো হিগুয়েনকে নিয়ে সমালোচনা ছিল। ৫ ম্যাচে এক গোল করেছেন হিগুয়েন। সাবেলা বলেন, গোল পাচ্ছিল না বলে সমালোচনা ছিল। কিন্তু দেখবেন ও সুইসদের বিরুদ্ধে ভালো খেলেছে। গোল না পেলেও হিগুয়েন তো ভালো পারফরম্যান্স করে আসছে। আর এখন তো একটা গুরুত্বপূর্ণ ম্যাচই গোল করে ফেললো। আমরা তো তাকে কৃতিত্ব দিতেই পারি।