আলাউদ্দিন এ মজিদ বেসিক ব্যাংকের চেয়ারম্যান
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২২:৫০
বহুল আলোচিত শেখ আবদুল হাই বাচ্চুর পদত্যাগের পর রাষ্ট্রয়ত্ত বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ। গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদও ভেঙে দেয়া হয়েছে বলে অন্য একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
আলাউদ্দিন এ মজিদ ১৯৯৩ সালের ডিসেম্বরে বেসিক ব্যাংকে মহাব্যবস্থাপক হিসাবে যোগদান করেন। এরপর ১৯৯৬ সালে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ১৯৯৮ সালে ব্যবস্থাপনা পরিচালক হন। ২০০১ সাল পর্যন্ত ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। ১৯৭৪ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে কৃষি অর্থনীতিবিদ (প্রিন্সিপাল অফিসার) হিসাবে ব্যাংকিং জীবন শুরু করেন আলাউদ্দিন এ মজিদ। এরপর ওই ব্যাংকে তিনি উপ-মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পান। ১৯৯০ সালে তিনি মহাব্যবস্থাপক হিসাবে যোগ দেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব)। ১৯৯২ এর আগস্ট থেকে ১৯৯৩ এর ফেব্রুয়ারি পর্যন্ত তিনি রাকাবের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
ঋণ বিতরণে অনিয়ম ও ব্যাংকের বিভিন্ন জালিয়াতির অভিযোগের মুখে অর্থমন্ত্রীর কাছে ২ জুলাই পদত্যাগপত্র জমা দেন আবদুল হাই বাচ্চু। এর আগে সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির দায়ে ব্যাংকের পর্ষদকে দায়ী করে ব্যবস্থা নেয়ার জন্য অর্থমন্ত্রীকে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। একই অভিযোগ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ ও আরো ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বাংলাদেশ ব্যাংক।