রাবির ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২২:৫০
নানা আয়োজনে গতকাল রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ‘গৌরবের ৬১ বছর’ শীর্ষক কর্মসূচির শুরুতে সকাল ১০টা ৫ মিনিটে সিনেট ভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং প্রাধ্যক্ষবৃন্দ নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতীক সাদা পায়রা ও বর্ণিল বেলুন ফেস্টুন ওড়ানো হয়। এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর মু. এন্তাজুল হক, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন, প্রক্টর প্রফেসর মো. তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, প্রাক্তন উপাচার্য ও যুক্তরাজ্যে বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার প্রফেসর সাইদুর রহমান খান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রাকুসুর সাবেক ভিপি নুরুল ইসলাম ঠান্ডুসহ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর অতিথিবৃন্দ সিনেট ভবন চত্বরে স্মারক বৃক্ষরোপণ করেন এবং এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এদিকে শোভাযাত্রা শেষে সিনেট ভবনে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়। ৬১ বছর ধরে এই বিশ্ববিদ্যালয় যুগোপযোগী উচ্চশিক্ষা ও মৌলিক গবেষণার বিস্তারে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করছে। প্রসঙ্গক্রমে উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসর বাড়াতে নতুন বিভাগ ও ইনস্টিটিউট চালুসহ শিক্ষা সহায়ক সুবিধা বৃদ্ধির পরিকল্পনার কথা জানান।