কাওড়াকান্দি পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যাত্রী প্রবেশ ফি লাগবে না
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২২:৫১
ঈদের আগেই কাওড়াকান্দি, পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের প্রবেশের জন্য নির্ধারিত ফি নেয়া বন্ধ করা হচ্ছে। ফলে এ তিন ফেরিঘাটে প্রবেশ করতে যাত্রীদের আর কোনো ফি দিতে হবে না। ঈদের পরও এ নির্দেশনা বলবত্ থাকবে।
গতকাল রবিবার সচিবালয়ে দক্ষিণাঞ্চলের নৌপথের যাত্রীদের চলাচল সুগম করার জন্য এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
তিনি জানান, বৈঠকে লঞ্চের নিরাপত্তার দিক নিয়ে আলোচনা হয়েছে। কোনো লঞ্চই যাতে অতিরিক্ত যাত্রী বহন না করে সেজন্য লঞ্চঘাটে ম্যাজিস্ট্রেট থাকবেন। কোনো লঞ্চই যাতে লোডলেভেল ক্রস না করে সে বিষয়েও ব্যবস্থা নেয়া হবে। এতে দুর্ঘটনা কমে আসবে। এছাড়া লঞ্চের যাত্রীবহন ক্ষমতা কত তা লঞ্চের সামনে লেখা থাকবে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চে লাইফ জ্যাকেট থাকবে।
মন্ত্রী বলেন, ‘অদক্ষ শ্রমিক যাতে কোনো নৌ-যান বা লঞ্চ না চালান সেটি নিশ্চিত করার জন্য শ্রমিক নেতাদের নির্দেশ দেয়া হয়েছে। ঈদের সময়টাতে নৌ-পথে কোনো জাল যেন না ফেলা থাকে সে বিষয়টিও নিশ্চিত করা হবে।
ঈদের আগের পাঁচ দিন ও পরের পাঁচ দিন নৌ-পথে মালবাহী এবং বালুবাহী কার্গো চলাচল করতে পারবে না বলেও জানান শাজাহান খান।
তিনি বলেন, স্পিডবোটের যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট নিশ্চিত করতে মালিকদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া চলন্ত লঞ্চ থেকে স্পিডবোটে যাত্রী তোলা নিষেধ করা হয়েছে।
চলতি ঈদ মৌসুমে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা হবে না বলে মালিকরা মন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন- এমন কথাও জানিয়েছেন মন্ত্রী।
এছাড়া ঈদের আগে সদরঘাট সংলগ্ন রাস্তায় হকারদের বসার ওপরও নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে।