ঘুষ চাইতে গিয়ে ক্যামেরাবন্দী মুখ্যমন্ত্রী!

মুখ্যমন্ত্রী ঘুষ দাবি করছেন এমন ঘটনা ধরা পড়েছে একটি অডিওতে। ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার সময় জেডি (এস) নেতা এইচ ডি কুমারাস্বামীকে ওই অডিওতে বলতে শোনা যায়, রাজ্যসভার সদস্য করে দেবো। ২০ কোটি রূপি দাও। ৩৫ মিনিটের ওই অডিও বার্তা ফাঁস হবার পর চরম লজ্জাকর পরিস্থিতিতে পড়ে গেছেন তিনি। তবে নিজেকে বাঁচানোর চেষ্টা হিসেবে তিনি বলেছেন, গোপনে রেকর্ড করা অডিও বার্তা ফাঁস হয়েছে। কিন্তু কেউ কি আমাকে অর্থ নিতে দেখেছে? ওই অডিওতে কুমারাস্বামী এবং তার এক সমর্থকের মধ্যেকার কথোপকথনে শোনা যায়, রাজ্যসভার বিজাপুর আসনটি নিয়ে কথা বলছেন তিনি। ওই সমর্থক ৪০ কোটি রূপি দিতে চাইলেও কুমারাস্বামী বলেন, ৪০ লাগবে না। ২০ কোটি রূপি হলেই চলবে। আমি বিধায়কদের সাথে কথা বলে দেখি। অডিও ফাঁস হবার পর এগুলো মিডিয়ার সৃষ্টি বলে উল্লেখ করে কুমারাস্বামী বলেছেন, ‘আমি কোনো বড় অন্যায় করিনি। যদি টিভি চ্যানেলগুলো এটি প্রচার করে নিজেদের দর্শক বাড়াতে চায় তাহলে আমি কিছু বলবো না। কারণ বর্তমান রাজনীতিতে অর্থের কতো প্রয়োজন সেটা আমি জানি। এছাড়া ২০০৮ সালে বিজেপি ক্ষমতায় আসার পরেও রাজনৈতিক পরিস্থিতি এভাবেই পরিবর্তন হয়েছিলে। অডিও শুনলেও কেউ তো আমাকে অর্থ নিতে দেখেনি।’ কংগ্রেসের প্রতি অভিযোগ জানিয়ে তিনি বলেন, কংগ্রেস আমার ইমেজ নষ্ট করার জন্যে এই অডিও বার্তাটি ফাঁস করেছে।