ডিএসইতে ১৯১ কোটি টাকা লেনদেন
প্রকাশ : ০৭ জুলাই ২০১৪, ২০:১৯
গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে লেনদেন কমতে কমতে তলানীতে চলে এসেছে। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১৯১ কোটি টাকা। লেনদেন কমে যাওয়ার কারণ সম্পর্কে সংশ্লিষ্টরা বলছেন, রমজান মাস হওয়ায় অনেকেই বাজারে লেনদেন করতে আসছেন না। ফলে লেনদেন কিছুটা কমেছে। তাছাড়া বাজারে আস্থার অভাবও লেনদেন কমার একটি কারণ।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৬০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯১ কোটি ৫০ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ২৩ কোটি ৬৮ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের।
এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুই কমিশনারের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে পরিচালক ও উপ-পরিচালক পদের কর্মকর্তাদের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। গতকাল সোমবার থেকে তা কার্যকর হয়েছে। আমজাদ হোসেন ইতিপূর্বে বিএসইসির সার্ভিলেন্স, এনফোর্সমেন্ট ও রেজিস্ট্রেশন বিভাগের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব ইন্টারমিডিয়ারিস (এসআরআই) বিভাগ দেখভাল করবেন। এছাড়া আগের এনফোর্সমেন্ট ও রেজিস্ট্রেশন বিভাগও তার দায়িত্বে থাকবে। অপর কমিশনার আরিফ খান ইতিপূর্বে বিএসইসির ক্যাপিটাল ইস্যু, এসআরআই, সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেট ইস্যুয়ার অ্যান্ড কোম্পানিজ (এসআরএমআইসি), করপোরেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট (সিএফডি) ও অফিস অব দ্য চিফ অ্যাকাউনট্যান্ট বিভাগ দেখভাল করতেন। বর্তমানে তিনি সার্ভিলেন্স বিভাগের দায়িত্বে থাকবেন। এছাড়া ক্যাপিটাল ইস্যু, এসআরএমআইসি, সিএফডি ও অফিস অব দ্য চিফ অ্যাকাউনট্যান্ট বিভাগও তিনি দেখাশোনা করবেন।