পরিদর্শনে বন্ধ হলো আরো ৪ পোশাক কারখানা
প্রকাশ : ০৭ জুলাই ২০১৪, ২০:২০
ইউরোপীয় ক্রেতাদের সমন্বয়ে গঠিত কারখানা পরিদর্শন জোট অ্যাকর্ডের পরীক্ষায় বড় ধরণের ত্রুটির কারণে একই ভবনে অবস্থিত ৪টি গার্মেন্টস কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। রাজধানীর কাফরুলের ইব্রাহীমপুরে অবস্থিত ওই চারটি কারখানা মূলত ইউরোপের ক্রেতাদের অর্ডার সরবরাহ করত। বন্ধ হওয়া চারটি কারখানা হলো জয়া ফ্যাশন, চেরি প্রাইভেট লিমিটেড, ফ্লোরেন্স ফ্যাশন ও আলটিমেট ফ্যাশন্স। বিজিএমইএ’র সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
যোগাযোগ করা হলে সংগঠনের সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম ইত্তেফাককে বলেন, ফ্লোরেন্স ফ্যাশন্স নামে একটি কারখানার ভবনের অগ্নি ও কাঠামোগত পরীক্ষা করে অ্যাকর্ড অন ফায়ার এন্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ। পরীক্ষায় ভবনের কাঠামোয় বড় ধরণের ত্রুটি পাওয়া যায়। পরবর্তীতে পর্যালোচনা কমিটি ভবনটিতে কাজ করা নিরাপদ নয় বলে মত দিয়ে কারখানাগুলো বন্ধ করার পক্ষে মত দেয়। এর ভিত্তিতে গত রবিবার চারটি কারখানাই বন্ধ করে দিতে হয়েছে।
তিনি জানান, এই চারটি কারখানায় প্রায় ৬ হাজার শ্রমিক রয়েছে। এই মূহুর্তে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তাদের বেতন-বোনাস দেয়া মালিকের পক্ষে কঠিন হয়ে যাবে। তিনি বলেন, এই চারটি নিয়ে পরিদর্শনে বন্ধ হওয়া কারখানার সংখ্যা ২৪ এ দাঁড়িয়েছে।
বিজিএমইএ সূত্রে জানা গেছে, এই নিয়ে অ্যাকর্ডের পরিদর্শনে ২১টি কারখানা বন্ধ হয়েছে। আর বাদবাকি ৩টি কারখানা বন্ধ হয়েছে উত্তর আমেরিকার ক্রেতাদের পরিদর্শন জোট অ্যালায়েন্সের পরিদর্শনে।