সুরমা নদীতে বাল্কহেড নৌকা ডুবিতে নিহত ৩

সুনামগঞ্জের মল্লিকপুরে সুরমা নদীতে বালুভর্তি বাল্কহেড নৌকা ডুবে ৩ জন বালু শ্রমিক নিহত হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সায়মুল ইসলাম (২৫), আব্দুল কাইয়ুমের ছেলে ফয়েজ আহমদ (২৭) ও মনাক মিয়ার ছেলে জমির আলী (২৫)। বেঁচে যাওয়া শরিফ উদ্দিন শ্রমিক জানায়, চলতি নদী থেকে বাল্কহেড নৌকায় রাতে ভর্তি করে মল্লিকপুর ঘাটে আনলোড করার জন্য বেঁধে রাখা ছিল। নৌকার ভেতর শরিফ উদ্দিনসহ ৬ জন শ্রমিক সেহরী শেষে ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাত্ শরিফ উদ্দিনের গায়ে পানি লাগলে তিনি জেগে ওঠেন। পরে কোন কিছু বুঝার আগে নৌকাটি ডুবে যাচ্ছিল। তার পাশে থাকা দুইজনকে জাগিয়ে নৌকা থেকে বের হতে বলেন। অন্য তিনজনের ঘুম ভাঙ্গেনি। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বাল্কহেডটি উদ্ধার করে এটির ভেতর থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. জানে আলম খান জানান, উদ্ধার শেষে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।