আক্কেলপুর স্বাস্থ্য উপকেন্দ্রের দখলে নিলেন মহিলা ভাইস চেয়ারম্যান

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ স্বাস্থ্য উপকেন্দ্রের আবাসিক ভবনের তালা ভেঙ্গে আওয়ামী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম শম্পা দখল করে নিয়েছেন। দীর্ঘদিন যাবত্ ওই ভবনটি খালি পড়ে থাকার অজুহাতে নিজ হাতে তালা ভেঙ্গে দখলে নেন রুকিন্দিপুর ইউনিয়ন আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। গতকাল সোমবার সকাল ৯টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ নেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম শম্পা পুরো সংসার সাজিয়েছেন ওই আবাসিক ভবনে। এছাড়াও ওই ভবনের অন্য একটি ইউনিটে পরিচালনাধীন জামালগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে অবৈধভাবে ইতিমধ্যেই বিদ্যুতের সংযোগও নিয়েছেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ ব্যাপারে বলেন, আমার বাড়ির ছাউনি দিয়ে বৃষ্টি এলেই ঘরের মধ্যে পানি পড়ে ঘরের মেঝেতে কাদার সৃষ্টি হওয়ার কারণে ঐ বাড়িতে স্বামী সন্তান নিয়ে থাকা দারুণ কষ্টকর হয়ে উঠেছে। তাই এখানে উঠেছি। এ ব্যাপারে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুশান্ত কুমার দাস বলেন, এ বিষয়ে নিষেধ করা সত্ত্বেও তিনি অবৈধভাবে ওই আবাসিকে উঠেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।