সরাইলে ইউএনওর অপসারণ দাবিতে বিক্ষোভ

সরাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৪ এর ফাইনাল খেলার দাওয়াতপত্রে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়ার নাম না থাকায় গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল হয়েছে। জানা যায়, গতকাল সোমবার বিকালে স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছিল। এ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানজিদা পারভীনের বিলিকৃত দাওয়াতপত্রে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়ার নাম ছিল না। এতে ক্ষুব্ধ হন শের আলম। দাওয়াতপত্রে শের আলম মিয়ার নাম না থাকার প্রতিবাদে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তার লোকজন উপজেলা সদরে ও উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে জয় বাঙলা শ্লোগান দিয়ে ইউএনওর অপসারণ দাবি করা হয়। এসময় ইউএনওর বিরুদ্ধে নানা অশালীন শ্লোগান দেয়া হয়। জলঢাকায় ইউএনওর অপসারণের দাবি জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা জানান, নীলফামারীর জলঢাকায় সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানগণ লিখিত অভিযোগ করেছে স্থানীয় সংসদ সদস্য বরাবরে। অভিযোগে বলা হয়, যোগদানের পর থেকে ইউএনও উপজেলার বিভিন্ন দপ্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, প্রশাসনে বিশৃঙ্খলা, দুর্নীতি ও জনগণের সাথে দুর্ব্যবহার করছেন। অভিযোগে আরো বলা হয়- তাকে অপসারণ করা না হলে সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হবে।