নবাবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু :স্বামী আটক
দোহার, নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুলাই ২০১৪, ২১:২৬
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সুবর্ণা রায় (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঐ গৃহবধূর পরিবার নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তার স্বামী প্রদীপ চন্দ্র রায়কে আটক করেছে।
রবিবার রাতে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের কুমারবাড়িল্যা গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূর ভাই নারায়ণ চন্দ্র শীল অভিযোগ করেন, গত ১০ বছর আগে তার বোনের সাথে প্রদীপ শীলের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুবর্ণাকে বিভিন্নভাবে নির্যাতন করতো ঐ পরিবার। গত রবিবার রাতে বোনের শ্বশুর বাড়ির লোকজন তাদের ডেকে আনেন। এসময় সুবর্ণার নিথর দেহ ঘরের খাটে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এঘটনায় নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ লাশ থানায় নিয়ে আসে। পরে রাতে গৃহবধূর স্বামী প্রদীপ শীলকে আটক করা হয়। এব্যাপারে গৃহবধূ আত্মহত্যা করেছে বলে স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়; কিন্তু নিহতের ভাই নারায়ণ অভিযোগ করেন, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।