রংপুর চিনিকলে আখচাষিদের পাওনা পরিশোধ শুরু

গাইবান্ধার একমাত্র ভারি শিল্প-কারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ দেশের ১৫টি চিনিকলে উত্পাদিত চিনি অবিক্রীত থাকায় টাকার অভাবে চাষিদের সরবরাহ করা আখের মূল্য পরিশোধ না হওয়ার সমস্যা অবশেষে কেটে গেছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার (বিএসএফআইসি) আবেদনের প্রেক্ষিতে সরকার ঋণ হিসেবে ৮০ কোটি টাকা বরাদ্দ দেয়ায় গত রবিবার থেকে মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ সকল চিনিকলে চাষিদের পাওনা পরিশোধ করা শুরু হয়েছে। রংপুর চিনিকল কর্তৃপক্ষ গতকাল বিকেল থেকে টাকা পরিশোধের সংবাদটি চাষিদের ব্যাপকভাবে জানানোর জন্য মাইকিংও শুরু করেছে। রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল খালেক জানান, এখানকার চাষিদের বর্তমান পাওনা সাড়ে ৩ কোটি টাকা পরিশোধ করা শুরু হয়েছে। এ সংবাদটি সকল চাষিকে জানানোর জন্য মাইকিংসহ বিভিন্ন ভাবে প্রচার করা হচ্ছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই সমুদয় বকেয়া পরিশোধ করা সম্ভব হবে।