গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
প্রকাশ : ০৭ জুলাই ২০১৪, ২১:৩৬
রাজধানীর ভাটারায় সোনিয়া আক্তার সনি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে ভাটারার খিলবাড়িরটেক থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোনিয়ার স্বামী আব্দুর রহমানকে আটক করেছে পুলিশ। তিনি ফার্নিচার ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচির চন্দনগাছিতে।
ভাটারা থানার এসআই নজরুল ইসলাম জানান, চার মাস আগে সোনিয়ার সঙ্গে আব্দুর রহমানের বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে তাদের এক সঙ্গে রান্না হতো। কিন্তু সম্প্রতি শ্বশুর-শাশুড়ি তাদের আলাদাভাবে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতে বলেন। এ নিয়ে প্রায় সোনিয়ার সঙ্গে তাদের ঝগড়া হত। গত রবিবার ইফতারের পর স্বামী আব্দুর রহমান চা খেতে বাইরে যান। তিনি দাবি করেন, রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও সোনিয়ার কোন শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তাকে বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়ার স্বামীকে আটক করেছে।