চাটুকার ষড়যন্ত্রকারীরাই বঙ্গবন্ধু ও আওয়ামী লীগে ছোবল হানে :জাসদ

স্বাধীনতার পর জাসদ ও গণবাহিনীর ভূমিকা নিয়ে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের দেয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাসদ। রবিবার জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, সংসদে মন্ত্রী ও একজন সংসদ সদস্য বিএলএফের ইতিহাস ও জাসদ গঠন নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা অপ্রাসঙ্গিক এবং সত্যের অপলাপ। অতীত থেকে শিক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ ও সামপ্রদায়িকতা মোকাবিলা করছে, তখন একজন সংসদ সদস্য ও একজন মন্ত্রী কাদের ইঙ্গিতে, কাদের খুশি করতে এ ধরনের অপ্রাসঙ্গিক বক্তব্য উত্থাপন করলেন, তা গভীর রাজনৈতিক বিবেচনার দাবি রাখে। নেতৃদ্বয় বলেন, মুজিববাহিনীর ইতিহাস নিয়ে নতুন করে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতীয় জীবনে যে রাজনৈতিক বিপর্যয় নেমে এসেছিল, তার জন্য জাসদ কোনোভাবেই দায়ী নয়। বরং চাটুকার, চাটার দল ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীরাই দায়ী। বিবৃতিতে বলা হয়, ১৯৭২ সালে সাংবিধানিক কাঠামোর মধ্যেই জাসদ গঠিত হয়। ১৯৭৩ সালের নির্বাচনে ৬ শতাংশ ভোট পেয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করে। যখন সংসদীয় রাজনীতির সুযোগ অনুপস্থিত হয়, তখন প্রকাশ্য ঘোষণা দিয়েই ১৯৭৫ সালে জাসদ গণবাহিনী গঠন করে এবং সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান গ্রহণ করে। কখনো গোপনে ষড়যন্ত্র করেনি। বরং চাটুকারিতার আড়ালে যাঁরা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, খন্দকার মোশতাক ও কাজী ফিরোজ রশীদের মতো প্রথম সুযোগেই তারা বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের পিঠে ছোবল হানেন।