বিআরটিসি বাস চাই
প্রকাশ : ০৭ জুলাই ২০১৪, ২১:৪০
কুমিল্লা জেলার হোমনা উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা যাতায়াত করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, ভালোমানের বাসের অভাবে যাত্রীরা যাতায়াতে চরম দুর্ভোগে পড়েন। অনেক বছর ধরে এই উপজেলা সদর থেকে হোমনা সুপার সার্ভিস চালু থাকলেও বর্তমানে ঠিকমতো যাত্রীদের সেবা দিতে না পারায় এই বাসে এখন তেমন লোকজন যাতায়াত করে না। এই সার্ভিসের বাসগুলো এখন প্রায় অকেজো হয়ে গেছে। এছাড়া বাসগুলো আকারেও অনেক ছোট। হোমনা সুপার সার্ভিস বাস কিছুদিন আগেও প্রতিদিন গড়ে ৮০-৯০টি করে ঢাকা চলাচল করতো। কিন্তু সার্ভিস খারাপ হওয়ায় এখন ২০টি বাসেরও যাত্রীও পায় না এই সার্ভিসটি। বেশিরভাগ যাত্রী সিএজিতে ১৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গৌরিপুর-দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলে আসে এবং এখান থেকে অন্য বাসে ঢাকা যায়। এভাবে যাতায়াত করতে গিয়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। হোমনা-ঢাকা রাস্তায় শুধু হোমনা উপজেলার লোকজনই যাতায়াত করে না পাশাপাশি মুরাদনগর ও বাঞ্ছারামপুর উপজেলার যাত্রীরাও যাতায়াত করেন। অথচ ঢাকা-গৌরিপুর পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস চালু রয়েছে। এই সার্ভিসটি আরো ১৮ কিলোমিটার সম্প্রসারিত করে ঢাকা থেকে হোমনা পর্যন্ত চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ইমান উদ্দিন ইমন, হোমনা, কুমিল্লা