রূপগঞ্জে নাশা গ্রুপের এক কর্মকর্তা খুন

রূপগঞ্জ উপজেলার নিউ ঢাকা এলাকার নাশা গ্রুপের নাশা তাইপাট ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (অ্যাডমিন) এসএম জাহাঙ্গীর আলমের (৩৩) লাশ গতকাল সোমবার সকালে রূপসী প্রধানবাড়ি জামে মসজিদের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। উপর্যুপরি ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। নাশা গ্রুপের জুনিয়র এক্সিকিউটিভ অফিসার আব্দুল বাতেন জানান, নিহত এসএম জাহাঙ্গীর আলমকে পদোন্নতি দেয়া হয়েছে। গতকাল সোমবার থেকে ম্যানেজার পদে নাশা তাইপাই ইন্ডাস্ট্রিজে যোগদানের কথা ছিল। গত রবিবার রাত ৯টায় মিল থেকে বেরিয়ে যায়। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, অন্যত্র হত্যার পর রূপগঞ্জের রূপসী প্রধানবাড়ি জামে মসজিদের পাশে লাশ দুর্বৃত্তরা ফেলে যেতে পারে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।