বাপ্পি ও শিমুর ‘ঈদ মোবারক’

 

ঈদ উপলক্ষে রিলিজ হতে যাচ্ছে সিডি চয়েসের ব্যানারে খ্যাতিমান ছড়াকার জগলুল হায়দারের কথা ও সুরে খন্দকার বাপ্পি ও কানিজ শিমুর কণ্ঠে ‘ঈদ মোবারক’। এর সংগীতায়োজন করেছেন মোশারফ আজমী। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন দেশি টায়রো টিম ও আপন অপু। ঢাকা ও ঢাকার আশপাশে প্রায় তিন দিনব্যাপী গানটির শুটিং চলে। খুব শীঘ্রই সিডি ভিশনের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি রিলিজ করা হবে। এ প্রসঙ্গে গানটির গীতিকার ও সুরকার জগলুল হায়দার বলেন, ‘ঈদ যেমন আনন্দের, তেমনি তা ত্যাগ ও সহমর্মিতার। ঈদের এই আনন্দ ও শাশ্বত অনুষঙ্গই নতুন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে এই গানে।’ সংগীতশিল্পী খন্দকার বাপ্পি বলেন, ‘এ রকম গান করার অনুভূতি অন্যরকম। অনেক পরিকল্পনা করে গানটির অডিও থেকে শুরু করে ভিডিও নির্মাণ করেছি। আশা করছি, সবার অনেক ভালো লাগবে।’ কানিজ শিমু বলেন, ‘প্রথমবার এ রকম গান করলাম, তবে গানটি নিয়ে অনেক আশাবাদী আমরা।’