‘আর্জেন্টিনাকে ভোগাতে পারে রোবেন’
প্রকাশ : ০৭ জুলাই ২০১৪, ২২:০৪
লিওনেল মেসিকে ‘বিশেষ’ হিসেবে অভিহিত করলেও নেদারল্যান্ডের সহকারী কোচ প্যাট্রিক ক্লুইভার্ট জানান দিয়েছেন বিশ্বকাপ সেমিফাইনালে তারকা খেলোয়াড় আরিয়েন রোবেন আর্জেন্টিনাকে ভোগাবে। ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে শেষ চারে পৌঁছাতে মূল ভূমিকা রাখেন মেসি। এ পর্যন্ত চার গোল করে এবং কোচ আলেসান্দ্রো সাবেলার দলকে নেতৃত্ব দিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন ফুটবলের এ ক্ষুদে জাদুকর। নিজ দলকে উজ্জীবিত করতে আবারো একই ভূমিকা রাখতে চেষ্টা করবেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি যে কমলা জার্সিধারীদের জন্য বিরাট হুমকি হবেন সেটা স্বীকার করেন দলটির সহকারী কোচ ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় ক্লুইভার্ট। তবে একই সঙ্গে ডাচ উইঙ্গার রোবেনকে সামলাতেও আর্জেন্টাইনদের ছক কষতে হবে বলে মত দেন তিনি। ক্লুইভার্ট এএস পত্রিকাকে বলেন, ‘আর্জেন্টিনা দলের গুণগত মান অসাধারণ। আমাদের এবং তাদের উভয়ের জন্যই ম্যাচটা খুব কঠিন হবে। আর্জেন্টিনা দলে অনেক ভাল খেলোয়াড় রয়েছে। উভয় দলেই এমন খেলোয়াড় রয়েছে যারা এককভাবে একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। লিওনেল মেসিকে থামানো? আর্জেন্টিনা কিভাবে রোবেনকে থামাবে? মেসি একজন বিশেষ খেলোয়াড়।’