‘সিলভার অনুপস্থিতি ভোগাবে ব্রাজিলকে’
প্রকাশ : ০৭ জুলাই ২০১৪, ২২:০৪
চেলসি কোচ হোসে মরিনহো মনে করেন, জার্মানীর বিপক্ষে সেমিফাইনালে অধিনায়ক হারানোটা স্বাগতিক ব্রাজিলের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই পর্তুগীজ আরো বলেন, চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে হারালেও, ব্রাজিলের ক্ষমতা আছে সেই ঘাটতি পূরণের। তবে রক্ষণভাগে সিলভার ঘাটতি পূরণের উপরেই ব্রাজিলের ফাইনাল খেলার সম্ভাবনা অনেকাংশে নির্ভর করছে বলে মন্তব্য করেন দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই কোচ। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে স্বাগতিক দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন সেলেসাও অধিনায়ক সিলভা। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের গোলরক্ষক ডেভিড ওসপিনার শটে বাধা দিতে গিয়ে হলুদ কার্ড দেখেন তিনি। টুর্নামেন্টের প্রথমাংশে একটি হলুদ কার্ড দেখায়, দুই হলুদ কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন প্যারিস সেন্ট জার্মেইর অধিনায়ক। পাশাপাশি আজ জার্মানির বিপক্ষে সেমিফাইনালে অংশ নিতে পারবেন না তিনি।
ইনজুরির কারণে এদিন দলের বাইরে থাকতে হচ্ছে ব্রাজিলের আইকন তারকা নেইমারকেও। তারপরও মরিনহো মনে করেন সেমিফাইনালে নেইমারের চেয়েও প্যারিস সেন্ট জার্মেইনের ডিফেন্ডারকে হারানোটাই ব্রাজিলের জন্য বেশি ক্ষতি হয়েছে। মার্সার রিপোর্টে মরিনোহোর এই উদ্ধৃতি দেয়া হয়। সেখানে তিনি বলেন, ‘ব্রাজিলের নেইমারকে দরকার, কারণ ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে তিনি জয় পাইয়ে দিতে পারেন। তিনি প্রতিপক্ষ শিবিরকে তছনছ করে দিতে পারেন, গোল করতে পারেন এবং সাজানো ময়দানে দারুণ পারফর্মেন্স প্রদর্শন করতে পারেন।’‘তবে আমার মতে এ রকম পরিস্থিতিতে ব্রাজিল দলের জন্য সম্ভবত নেইমারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছেন থিয়াগো সিলভা। যেহেতু ব্রাজিলের বর্তমান কাঠামোটি রক্ষণাত্মক। তাই তার অনুপস্থিতি দলটির জন্য হবে খুবই ক্ষতিকর। কারণ তিনিই দলকে দারুণভাবে গুছিয়ে রাখেন।’ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিতে ইনজুরিতে পড়া নেইমারের পরিবর্তিত হিসেবে মাঠে নামানো হয়েছিল নেপোলির ডিফেন্ডার হেনরিককে। যাতে তাদের রক্ষণব্যুহ আরো সুদৃঢ় হয়। তবে মরিনহোর মতে ওই জায়গায় এরচেয়ে বেশি উপযুক্ত খেলোয়াড়টি হচ্ছেন দান্তে। যিনি থিয়াগো সিলভার অনুপস্থিতিতে ডেভিড লুইজের সঙ্গে ভালভাবে খাপ খাওয়াতে পারবেন। কারণ বুন্দেস লীগা তারকা হিসেবে জার্মানির সম্পর্কে তার জ্ঞান অনেক বেশি। পর্তুগীজ এ কোচ বলেন, ‘জানি খেলার জন্য বিকল্প হিসেবে তাদের হাতে হেনরিক ও দান্তে রয়েছে। কলম্বিয়ার বিপক্ষে হেনরিককে পছন্দ করা হয়েছিল। তবে দন্তে জার্মানিতে খেলেন। তাই যাদের মোকাবেলা করবেন তাদের সম্পর্কে তার জ্ঞান অনেক বেশি। এ কারণেই দন্তেকে আমি প্রথম পছন্দের তালিকায় রেখেছি।’ বাসস