রাবিতে এক ছাত্রীকে মারধর করল ছাত্রলীগ নেতা
প্রকাশ : ০৭ জুলাই ২০১৪, ২২:১৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ওবায়দুল হক কায়েসের বিরুদ্ধে এক ছাত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।
কায়েসের বন্ধুরা জানান, ইংরেজী বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কায়েসের সঙ্গে সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। ওই ছাত্রী কিছুদিন আগে কায়েসের সাথে সম্পর্ক না রাখার কথা জানায়। কিন্তু কায়েস সম্পর্ক রাখার জন্য তাকে জোর করে আসছিল।
এ নিয়ে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সামনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে কায়েস ওই ছাত্রীকে শারীরিকভাবে মারধর করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে ওই ছাত্রী বিভাগীয় সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা ওবায়দুল হক কায়েস বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সিরাজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।