বরিশালে জীবন বীমার ১১ জনের বিরুদ্ধে চার্জশিট
প্রকাশ : ০৭ জুলাই ২০১৪, ২২:১৫
জীবন বীমা কর্পোরেশনের গ্রাহকদের স্বাক্ষর জাল করে ২১ লাখ টাকা আত্মসাত্ করার অভিযোগে দায়েরকৃত মামলায় ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালত সূত্র জানা গেছে, রবিবার বিকালে দুদকের সহকারি পরিচালক বাহাদুর আলম চার্জশিট আদালতে জমা দিয়ে গেছেন। চার্জশিটভুক্ত আসামিরা হচ্ছেন, জীবন বীমা কর্পোরেশনের সহকারি টাইপিস্ট মিজানুর রহমান, শাখা অফিসের ডিও মনিরুজ্জামান, উচ্চমান সহকারি হুমাউন কবির, ম্যানেজার (হিসাব শাখা) একেএসএম সিদ্দিকুর রহমান, ডিএম ইনচার্জ হুমাউন কবির সুমন, নিম্নমান সহকারি কাম টাইপিস্ট সমসের মাহমুদ খান, শাহ আব্দুর রাকিব, এনায়েত, সাইফুল আজম শাহীন, একেএম রেজাউল ও উচ্চমান সহকারি খলিলুর রহমান।
মামলা সুত্রে জানা গেছে, ম্যানেজার সিদ্দিকুর রহমানসহ অপর আসামিরা ৩৮টি বীমার স্বাক্ষর জাল করে উল্লেখিত অর্থ আত্মসাত্ করে। প্রসঙ্গত: ২০১২ সালে সেপ্টেম্বর মাসে জীবন বীমার গ্রাহকদের টাকা আত্মসাতের তথ্য জানতে পেরে সিআইডি তদন্ত শুরু করেছিল। একই বছর কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার তদন্ত দেওয়া হয় দুদককে। দীর্ঘ প্রায় দু’ বছর তদন্ত শেষে দুদক চার্জশিট দিয়েছে।