নূর হোসেনকে আরো ১৪ দিন জেলে রাখার নির্দেশ

নারায়ণগঞ্জের সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের বারাসত আদালত। গতকাল সোমবার এই আদেশ দেয়া হয়। গত ১৪ জুন অনুপ্রবেশের অভিযোগে কলকাতার উপকণ্ঠে কৈখালির একটি এপার্টমেন্ট থেকে তাকে প্রেপ্তার করা হয়। সকালে হাসপাতালে শারীরিক পরীক্ষার পর নূর এবং তার দুই সঙ্গী সেলিম ও সুমনকে আদালতে নিয়ে যাওয়া হয়। রাখা হয় কোর্ট লকআপে। নূরের পক্ষে এদিনও কোনো আইনজীবী দাঁড়াননি। সুমনের আইনজীবী তারক চন্দ্র দাস তার হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু সরকার পক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে আদালতকে বলেন, অনুপ্রবেশ মামলায় নূর এবং অন্য দুজনের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংপ্রহ করতে আরো কিছু সময় লাগবে। এরপর বিচারক তাদের আরো ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পরে সন্ধ্যায় প্রিজন ভ্যানে চোর-পকেটমারদের সঙ্গে নূরকে নিয়ে যাওয়া হয় দমদম সেন্ট্রাল জেলে। এদিকে বাংলাদেশ সরকারের তরফে নূর হোসেনকে ফেরত নিতে চেয়ে এখনও কোনো আবেদন জমা পড়েনি বলে বারাসত আদালত সূত্রে জানা গেছে। বিধাননগর কমিশনারেটসূত্র জানায়, নূরের আরো কয়েকজন সঙ্গী পশ্চিমবঙ্গে আত্মগোপন করে রয়েছে। তাই তারা আদালতে নূরের জামিনের বিরোধিতা করেছেন। নূর হেফাজতে থাকলে অন্যদের ধরতে অসুবিধা হবে।