বেসিক ব্যাংকে চার পরিচালক নিয়োগ
প্রকাশ : ০৭ জুলাই ২০১৪, ২২:৪২
রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে চারজন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গতকাল সোমবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। পরিচালক পদে নিয়োগপ্রাপ্তরা হলেন- হাসান মাহমুদ এফসিএ, যুগ্ম সচিব মামুন আল রশীদ, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সাবেক এমডি রায়হানা আনিসা য়ুসুফ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মজিব আহমেদ ও প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন তারা।
এদিকে বেসিক ব্যাংকের নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ বলেছেন, আমি ব্যাংকটির ব্যবস্থাপনায় ছিলাম, চেষ্টা করবো চেয়ারম্যান হিসেবে ব্যাংকটিকে ভালো করার। তবে এজন্য সময় লাগতে পারে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে তথ্য উপাত্ত চাওয়া হয়েছে, এর প্রেক্ষিতেই কাজ শুরু করা হবে। নতুন পর্ষদ বসে কৌশল নির্ধারণ করবে, কি পদ্ধতিতে ব্যাংকটিকে ভালো করা যায়। চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বলা হয়েছে, সবাই মিলে ব্যাংকটিকে ভালো করতে হবে। খারাপ হওয়ার জন্য কেউ যেন একে অপরকে দোষ না দিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ব্যাংকটির সামগ্রিক অবস্থা ভালো করাই হবে আমাদের লক্ষ্য। ব্যাংকটিকে আগে কি হয়েছে জানি না, তবে এখন থেকে কোন ধরনের বহিরাগত হস্তক্ষেপ এ ব্যাংকে চলবে না। নির্দিষ্ট নিয়ম নীতি আছে, সে আলোকেই ব্যাংক পরিচালিত হবে। পর্ষদের সভায় সিদ্ধান্ত হবে নতুন এমডি নিয়োগের বিষয়ে।
প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত স্মল ইন্ড্রাস্ট্রিজ এন্ড কমার্স (বেসিক) ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে গত রবিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আগের পর্ষদ বাতিল বলে একটি প্রজ্ঞাপন জারি করে। একইসঙ্গে নতুন পর্ষদের জন্য সদস্য ও চেয়ারম্যান হিসেবে আলাউদ্দিন এ মজিদকে নিয়োগ দেয়া হয়। গতকাল আরো চারজন সদস্যকে নিয়োগ দিল অর্থমন্ত্রণালয়।
বেসিক ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেয়ার পর রবিবারই ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির জন্য মন্ত্রণালয় থেকে ছয় জনের নামের একটি তালিকা পাঠানো হয়। এদের মধ্যে চার জনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির পর নিয়োগ পেলেন তারা। যে দুইজনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এখনও অনাপত্তিপত্র পাঠায়নি তারা হলেন- কমার্স ব্যাংকের সাবেক ডিএমডি মো. আসাদুজ্জামান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ।
উল্লেখ্য, ঋণ বিতরণে অনিয়ম ও নিয়োগ-পদোন্নতি কেলেঙ্কারি ঠেকাতে ব্যর্থ বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার সুপারিশ করে বাংলাদেশ ব্যাংক। সেসময় অর্থমন্ত্রী বলেছেন, পর্ষদ ভাঙা হবে না, পুনর্গঠন করা হবে। তারই ধারা বাহিকতায় ঋণ বিতরণে অনিয়ম ও ব্যাংকের বিভিন্ন জালিয়াতির অভিযোগের মুখে পদত্যাগ করেন ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু। বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির দায়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ ও আরো ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বাংলাদেশ ব্যাংক।