লোকসভার বিরোধী দলের মর্যাদা দাবি করলেন সোনিয়া

ভারতে চলতি বছর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে শোচনীয় পরাজয় বরণ করা দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী লোকসভায় প্রধান বিরোধী দলের স্বীকৃতি দাবি করেছেন। গতকাল সোমবার সোনিয়া লোকসভায় এই দাবি করে বলেন, যেহেতু আসন বিচারে বিজেপির পরের স্থান কংগ্রেসের, তাই তার দল থেকেই বিরোধী দলীয় নেতা হবার দাবিদার। গত লোকসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে মাত্র ৪৪ আসন লাভ করে। ভারতের সংবিধান অনুযায়ী, প্রধান বিরোধী দলের স্বীকৃতি পেতে গেলে এর চেয়ে আরো ১০ টি আসন বেশি দরকার। ৫৪৫ আসনের লোকসভায় ১০ শতাংশ আসন পেলে সেই দল প্রধান বিরোধী দলের স্বীকৃতি দাবি করতে পারে। কিন্তু বিজেপির পক্ষ থেকে জোর গলায় বলা হয়, ৫৫ আসন না পেলে কেউ এই দাবি করতে পারে না। কংগ্রেসকে বিরোধী দলের মর্যাদা দেয়া হবে না। কিন্তু সোনিয়া বলেন, আমাদের নির্বাচনপূর্ব জোট আছে। জোটগতভাবে আমাদের প্রয়োজনীয় ৫৫ আসন হয়েছে। জোটের নির্বাচনে আসন ভাগাভাগির প্রথা চালু আছে। জোটের মিত্রদের আসন ছেড়ে দেয়া হয়। তাই জোটের সকল দলের আসন একটি দলের আসন হিসেবে গণ্য করা যায়। আমরা যদি নির্বাচনের পরে জোট করতাম তাহলে অভিযোগ করতে পারতেন যে জোট করে ৫৫ আসন যোগাড় করেছে বিরোধী দল হবার জন্য। এই যুক্তি তুলে ধরে সোনিয়া স্পিকারের কাছে অনুরোধ করেন তাদের আবেদনে সাড়া দিতে। স্পিকার যদি তারপরেও এই পদ না দেন তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভেবেচিন্তে পরবর্তী পদক্ষেপ নেবে বলে সোনিয়া জানান।