মোদীর প্রথম বাজেট অধিবেশনের দিকে তাকিয়ে ভারত

গতকাল সোমবার থেকে শুরু হওয়া মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশনের দিকে তাকিয়ে আছে গোটা ভারত। সরকার আজ মঙ্গলবার রেলবাজেট এবং বৃহস্পতিবার সাধারণ বাজেট ঘোষণা করবে। অধিবেশন শেষ হবে আগামী ১৪ জুলাই। বিপক্ষ দলগুলো বাজেট অধিবেশনে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি, রেল ভাড়া বৃদ্ধি এবং শ্রীলংকায় আটক ভারতীয় জেলেদের ইস্যু উত্থাপন করলে মোদী সরকার তার প্রথম পরীক্ষার মুখে পড়বে। মোদী সরকারে সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, সরকার এসব ইস্যু নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় প্রস্তুত, যাতে গণতান্ত্রিক ধারা রক্ষিত হয় এবং একই সাথে পার্লামেন্টের কার্যক্রমও সুষ্ঠুভাবে চলতে পারে। লোকসভার এই অধিবেশনে বেশ কয়েকটি বিলও উত্থাপন করা হবে।