টিআইবির হয়তো নিজস্ব এজেন্ডা রয়েছে

প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, টিআইবি’র নিজস্ব কোনো এজেন্ডা হয়তো রয়েছে। সেটির সঙ্গে আমাদের মিলছে না বলেই হয়তো তারা বর্তমান বিরোধী দল ও সংসদ সম্পর্কে ‘নেতিবাচক’ প্রতিবেদন প্রকাশ করেছে। দশম সংসদের প্রথম অধিবেশনের ওপর গতকাল টিআইবি’র প্রকাশিত প্রতিবেদনে বিরোধী দল সম্পর্কে বিভিন্ন তথ্য ও মন্তব্যের জবাবে গতরাতে ইত্তেফাককে দেয়া প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। ‘একইসঙ্গে সরকারে ও বিরোধী দলে থেকে বিরোধী দল আত্মপরিচয় সংকটে রয়েছে’—টিআইবি’র এই মন্তব্য সম্পর্কে জিয়াউদ্দিন বাবলু বলেন, টিআইবি’র উচিত বাস্তবতাকে আলিঙ্গন করা। জাতীয় সংকটে গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আমরা পাঁচ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছিলাম। বিশেষ পরিস্থিতির মধ্যে প্রথম অধিবেশন বসেছিল। আমাদেরও অনেক সদস্য নতুন। সে কারণে প্রথম অধিবেশনে বিরোধী দল হিসেবে আমাদের কিছু ভুল থাকতে পারে। কিন্তু তা শুধরে নিয়ে দ্বিতীয় অধিবেশনে আমরা সত্যিকারের বিরোধী দলের ভূমিকা রেখেছি, নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছি। বাজেটের ওপর বক্তব্যে আমরা বর্তমান ও এর আগের সরকারের বিভিন্ন ব্যর্থতার কঠোর সমালোচনা করেছি। বিরোধী দলের প্রস্তাবের প্রেক্ষিতেই খাদ্যে ফরমালিন মেশানোর বিরুদ্ধে সরকার আইন করতে যাচ্ছে। সংসদের রেকর্ডে ও গণমাধ্যমে এসব রয়েছে। তিনি বলেন, টিআইবি সেগুলো সংগ্রহ করে দেখলে বিরোধী দলের ভূমিকা সম্পর্কে তাদের ‘ভুল’ ভাঙ্গবে বলে আমার বিশ্বাস।