বাংলাদেশ থেকে চিকিত্সক নার্স নিতে সিঙ্গাপুরের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান
প্রকাশ : ০৭ জুলাই ২০১৪, ২২:৪৮
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স নিতে সিঙ্গাপুর সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ সিঙ্গাপুরি ডাক্তারদের বাংলাদেশে এসে এদেশের ডাক্তারদের ট্রেনিং দেয়ার অনুরোধ জানান।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, গতকাল সোমবার সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী অনুরূপ একটি হাসপাতাল সরকারি-বেসরকারি উদ্যোগে বাংলাদেশে গড়ে তুলতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কাছে প্রস্তাব দেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আহ্বানে তিনি এ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে হাসপাতালের সিইও ডা. এ্যাং চ্যং লি, মিসেস তান মে ইয়াং, প্রফেসর চেলিয়া তানসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তাররা উপস্থিত ছিলেন। আগামী ১০ জুলাই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী মি. গান এর সঙ্গে বৈঠকে মিলিত হবেন।