গল্প নয় সত্যি
মাত্র ২৬ ভোট!
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ১৮:৩৩
সব মিলিয়ে এই পৃথিবীতে দেশের সংখ্যা শ’ দুয়েকের কম নয়। আর এসব দেশের প্রশাসনিক বিভাগ বা উপবিভাগ যেমন: পৌরসভা, থানা, ইউনিয়ন বা গ্রামের সংখ্যাও তাই অগণিত। কাজেই এ ধরনের কোনো গ্রাম বা থানার নির্বাচন যে বড় কোনো ব্যতিক্রম ছাড়া সংবাদের বিষয়বস্তু হতে পারে না তা তো বলাই বাহুল্য। যেমনটি সম্প্রতি হয়েছে নিউইয়র্কের ডেরিং হার্বার গ্রামের মেয়র নির্বাচন নিয়ে। মাত্র ২ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপ গ্রামে মেয়র নির্বাচিত হবার জন্য মাত্র ২৬টি ভোট পাওয়াই যথেষ্ট। এক্ষেত্রে বিষয়টা এমন নয় যে এ বছরের নির্বাচনেই নতুন করে এই বিষয়টি আবিস্কৃত হয়েছে। বরং বহুদিন থেকেই এ গ্রামে এভাবেই নির্বাচন হয়ে আসছে এবং গেল ১১ মেয়াদে একজন মেয়রই নির্বাচিত হয়ে আসায় বিশ্বের সংবাদমাধ্যমে বিষয়টি কখনো আলাদা করে উঠে আসেনি। তবে গত ১১ বারের মেয়র টিমোথি হগ এর বিপরীতে দাঁড়িয়ে অপর প্রার্থী প্যাট্রিক পার্সেলস সমান সংখ্যক ভোট পাওয়ার পরই সবার চোখ পড়ে ডেরিং হার্বারের দিকে। মূলত মাত্র ১১ জন স্থায়ী বাসিন্দা নিয়ে এই গ্রামটি গঠিত হলেও যদি কোনো নাগরিক তার জীবনের অংশ বিশেষও এই গ্রামে কাটিয়ে থাকেন তাহলে তিনি ভোট দিতে পারবেন। আর এ হিসেব অনুযায়ীই চলতি বছর নির্বাচনে ৬০ জন ভোটারের মধ্য থেকে শীর্ষ দুই প্রার্থীকে ৫০ জন ভোট দিয়েছিলেন। অর্থাত্ জিততে হলে মাত্র ২৬ ভোট পাওয়াই যথেষ্ঠ ছিল। তবে দু’জন প্রার্থীর প্রত্যেকেই ২৫ ভোট করে পাবার পর বর্তমান মেয়র টিমোথি হগ এর উদ্যোগে নতুন করে আরও ১৯ জনকে ভোটার তালিকাভুক্ত করা হয় যার অধিকাংশই টিমোথির পক্ষের লোক বলে অভিযোগ বিরোধী দুই প্রার্থীর। আর নির্বাচন সংক্রান্ত এই অভিযোগের সূত্র ধরেই কোনো প্রশাসনিক বিভাগে সবচেয়ে কম ভোটে মেয়র বা প্রধান হবার এই বিষয়টি সংবাদ শিরোনাম হয়ে আসে।