ফুলবাড়ী সীমান্ত দিয়ে আসছে মাদকের চালান
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২১:১৩
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী ৩৬ কিঃ মিঃ এলাকা দিয়ে প্রায় ৩০ পয়েন্টে ভারতীয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আসছে অবাধে। সীমান্ত পেরিয়ে চোরাচালান বা অবাধে মাদক প্রবেশের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার তেমন কোন কার্যকরী ভূমিকা নেই। রোকোডিক্স, বাংলাদেশ ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে নতুন সিরাপ চুপ-সি, ডেক্স-পোটেন ইত্যাদি মাদক হিসাবে অবাধে ব্যবহার করছে। তাছাড়াও ফেন্সিডিল, মদ ও গাঁজাতো আছেই।
সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, উপজেলার গোরক মণ্ডপ, বালারহাট, চড় গোড়ক মণ্ডপ, খালিশা কোটাল, গজের কুটি, কুরুষা ফেরুষা, শিমুলবাড়ী জুম্মাারপাড়, চাঁদের বাজার, ঠোস বিদ্যাবাগীশ, চোত্তাবাড়ী নাখারজান, আব্দুল্ল্যাহ বাজার, গংগারহাট, কাশিয়াবাড়ী, ধর্মপুর, কাশিম বাজার এলাকা দিয়ে মাদক প্রবেশ করছে। এ মাদকগুলো দেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহল ১৫০ নং দাসিয়ের ছড়ায় টনকার বাজারে প্রকাশ্য কেনাবেচা হচ্ছে। তাছাড়াও প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে আসা মাদক ব্যবসায়ীরা শত শত মোটরসাইকেল নিয়ে অবাধে ছিটমহলে প্রবেশ করে মাদক বহন করছে। সীমান্তবর্তী এলাকাবাসী জানায়, চোরাকারবারিরা ও সীমান্ত রক্ষায় নিয়োজিত অসত্ কারও যোগসাজশে দেশের অভ্যন্তরে আসা মাদকের এই চালান ছড়িয়ে পড়ছে সারাদেশে।
এ ব্যাপারে ৪৫-কুড়িগ্রাম বিজিবি শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নিজাম উদ্দিন জানান, মাদক পাচার হচ্ছে তবে আমরা মাদক পাচারের বিরুদ্ধে তত্পর রয়েছি।