শ্রীপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ পুলিশের অর্ধশত ফাঁকা গুলি বর্ষণ

প্রবল বর্ষণের মধ্যেও মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী-কাবিলপুর-হোগলডাঙ্গা ও মোর্তজাপুর এ চার গ্রাম জুড়ে দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ অর্ধশত রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে স্থানীয় বিএনপি নেতা আবদুল হাই পবন ও রফিকুল ইসলাম ফেরোর সমর্থকেরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হোসেন মোল্লা ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হারুণ-অর-রশিদের সমর্থকদের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় অনেককে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নুরুল হোসেন মোল্লা ও অ্যাডভোকেট হারুণ-অর-রশিদের সমর্থকদের সাথে স্থানীয় বিএনপি নেতাদের বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে গতকাল বিএনপি নেতা পবন ও ফেরোর নেতৃত্বে ১৫-২০ জন সশস্ত্র লোক নুরুল মোল্লা গ্রুপের লোকজনদের উপর অতর্কিত হামলা চালিয়ে অন্তত ১০ জনকে মারাত্মক জখম করে। এদিকে, হাসপাতালে চিকিত্সাধীন বকুল মোল্লা মারা গেছে-এমন গুজব এলাকায় ছড়িয়ে পড়লে নুরুল হোসেনের সমর্থকেরা প্রতিপক্ষের অন্তত ১৫ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ আওলাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় অর্ধশত রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি নিক্ষেপ করে। এলাকায় টানটান উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।