কে খেলবেন ডি মারিয়ার জায়গায়?

ইনজুরির কবলে পড়া আর্জেন্টিনা মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়ার পরিবর্তে নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে কে খেলবেন তা নিয়ে এখন চলছে জোর আলোচনা। পারফরম্যান্সের তুঙ্গে থেকে বিশ্বকাপে এসেছিলেন মৌসুমের শেষ দিকে রিয়াল মাদ্রিদে চমক দেখানো ডি মারিয়া। বিশ্বকাপেও নৈপুণ্য দেখাচ্ছিলেন। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলর লড়াইয়ে অতিরিক্ত সময়ে তার গোলেই জয় পায় আর্জেন্টিনা। সেমিফাইনালে আলেসান্দ্রো সাবেলার নিয়মিত একাদশে তার জায়গায় খেলা নিয়ে প্রতিযোগিতায় আছেন পাঁচজন। একে একে তুলে ধরা হলো তাদের- এনজো প্যারেজ বেলজিয়ামের বিপক্ষে ডি মারিয়ার চোট পাওয়ার পর বদলি হিসেবে তিনিই মাঠে নেমেছিলেন। আজকের সেমিফাইনালেও ডি মারিয়ার জায়গায় তার খেলার জোর সম্ভাবনা রয়েছে। ডি মারিয়ার মতো ততটা গতিশীল ও সাহসী খেলা খেলতে না পারলেও কৌশলের দিক থেকে দক্ষ ২৮ বছর বয়সী পেরেজ। বেনফিকার হয়ে ২০১৩-১৪ মৌসুমে পর্তুগালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত জয়ে এর প্রমাণটা ভালো করেই দিয়েছেন তিনি। তাছাড়া পেরেজের ওপর কোচ সাবেলার আস্থাও আছে। তার তত্ত্বাবধানে দু’বছর ইস্টুডিয়ান্টসের হয়ে খেলেছেন এ মিডফিল্ডার। দলটির হয়ে ২০০৯ সালে কোপা লিভারতেদোরেস শিরোপা জিতেছিলেন পেরেজ। ম্যাক্সি রদ্রিগেজ বিশ্বকাপ দলে জায়গা পেলেও খুব বেশি দেখা যাচ্ছে না তাকে। রিও ডি জেনেরিওতে আর্জেন্টিনার গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোবিনার বিপক্ষে খেলার পর আর দেখা যায়নি তাকে। ডি মারিয়ার জায়গায় কার্যকরী বিকল্প হিসেবে ৩৩ বছর বয়সী লিভারপুলের সাবেক এই খেলোয়াড়ই সবচেয়ে অভিজ্ঞ। রক্ষণভাগে ভালো করার পাশাপাশি পার্শ্ব আক্রমণেও দারুণ খেলেন রদ্রিগেজ। তাছাড়া বিশ্বকাপে বেশ অভিজ্ঞ ৩৩ বছর বয়সী এ মিডফিল্ডার। ২০০৬ সালে জার্মানি আসরে মেক্সিকোর বিপক্ষে চমত্কার একটি গোলসহ বিশ্বকাপ আসরে তিনটি গোল রয়েছে তার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও আর্জেন্টিনা দলে ছিলেন রদ্রিগেজ। রিকার্ডো আলভ্যারেজ বামপায়ে খেলা সৃজনশীল মিডফিল্ডার তিনি। ২৬ বছর বয়সী এই খেলোয়াড়কে ডি মারিয়ার জায়গায় যথোপযুক্ত হিসেবেই খেলাতে পারেন কোচ সাবেলা। কিন্তু টুর্নামেন্টে তেমন খেলেননি আলভ্যারেজ। নাইজেরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়া ম্যাচে ২৭ মিনিট খেলেছিলেন ইন্টার মিলানের এই প্লেমেকার। ফার্নান্দো গ্যাগো আর্জেন্টিনার বিশ্বকাপ কোয়ালিফাইংয়ে গ্যাগোকে কার্যত দেখা যায়নি। তবে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই বসনিয়া-হার্জেগোবিনার বিপক্ষে ম্যাচের মধ্যদিয়ে মূল দলের হয়ে খেলেছেন তিনি। তবে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আবারও বসিয়ে রাখা হয় তাকে। অগাস্টো ফার্নান্দেজ মাঠে বাম পাশে বেশ ভালো খেলে থাকেন তিনি। যদিও ব্রাজিল বিশ্বকাপে সেল্টা ভিগোর ২৮ বছর বছর বয়সী এ উইঙ্গারের এখনো খেলার সুযোগ পাননি। ডিফেন্সিভ মানসিকতার খেলোয়াড় হওয়ায় তাকে নিলে নেদারল্যান্ডসের দুর্দান্ত লেফট-উইঙ্গার ড্যালে ব্লাইন্ডের বিপক্ষে টেক্কা দেয়ার রসদ পাবে আর্জেন্টিনা।