বাসের ধাক্কায় মেয়ের সামনে মা নিহত হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাস্তা ফাঁকা দেখে মা ও মেয়ে একই সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। হঠাত্ দ্রুতগামী একটি বাসের ধাক্কায় দু’জনেই দুই দিকে ছিটকে পড়েন। এতে মারাত্মক আহত হন মা আনারকলি বেগম। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকালে রাজধানীর রায়েরবাগ এলাকায়। নিহতের মেয়ে বিউটি জানান, বিকাল তিনটার দিকে তারা বাসা থেকে বেরিয়ে কেনাকাটার জন্য রাজধানী সুপার মার্কেটে যাচ্ছিলেন। রাস্তা কিছুটা ফাঁকা দেখে তারা রায়েরবাগ এলাকা দিয়ে পার হচ্ছিলেন। হঠাত্ একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কায় দেয়। এতে তার মা গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তারা রায়েরবাগ এলাকার মেরাজ নগরের মসজিদ গলি এলাকা ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ। হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার : মতিঝিল থানা পুলিশ সোমবার রাতে উত্তর কমলাপুরস্থ আবাসিক হোটেল গাংচিল থেকে আব্দুল মান্নান (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের লালখানশাহ বাজার এলাকায়। তার পিতার নাম মৃত জামসেদ আলী। তিনি গত ৬ জুলাই ব্যবসায়িক কাজে ঢাকায় এসেছিলেন। পুলিশ ধারণা করছে, তিনি হূদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।