জাপা নেতা জব্বারের অনুপস্থিতিতেই বিচার
মানবতাবিরোধী অপরাধ মামলা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২১:৩৪
জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের অনুপস্থিতিতেই একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার কার্যক্রম চলবে। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দিয়ে অভিযোগ গঠনে শুনানির জন্য ২০ জুলাই দিন ধার্য করেছেন। একইসঙ্গে পলাতক জব্বারের পক্ষে রাষ্ট্রীয় খরচে সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসানকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এর আগে আদালতের আদেশে জব্বারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তাকে গ্রেফতার করা সম্ভব না হওয়ায় নিয়ম অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। এরপরও সে ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় বিচারক তাকে পলাতক ঘোষণা করে অভিযোগ গঠনের শুনানি শুরুর নির্দেশ দিয়েছে।
পিরোজপুরের সাবেক সংসদ সদস্য আবদুল জব্বারের বিরুদ্ধে পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধে গত ১ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ছাড়াও ৩৬ জনকে হত্যা, ২০০ জনকে ধর্মান্তরিতকরণ, ৫৫৭টি বাড়ি-ঘরে লুটপাট চালানো ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।