রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ থাকবে দশ দিন ---------- যোগাযোগ মন্ত্রী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের রোজা ও ঈদে মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা ওয়াসা ও ফ্লাইওভার নির্মাণ কর্তৃপক্ষকে সব ধরনের খোঁড়াখুঁড়ি বন্ধের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর মগবাজার ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দিয়ে বলেন, ঈদের আগে সাত দিন এবং ঈদের পর তিন দিন ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও কাটাকাটি বন্ধ থাকবে। এ ছাড়া এই সময়ে রাস্তার মধ্যে যত্রতত্র পড়ে থাকা গার্ভেজ কন্টেইনার ও নির্মাণ কাজে ব্যবহূত জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। যোগাযোগমন্ত্রী বলেন, এবার ঈদে ঘরমুখো যাত্রীদের কোনো অসুবিধা হবে না। যতদূর খোঁড়া হয়েছে সেই পর্যন্ত রাস্তার দুই পাড় সমান করে দেয়া হবে। একই সঙ্গে ঐ এলাকার ফুটপাত উন্মুক্ত রাখার ব্যবস্থা করা হবে। যাতে সহজেই গাড়ি চলতে পারে। তিনি বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সকল ইঞ্জিনিয়ারের ছুটি বাতিল করা হয়েছে। সব ইঞ্জিনিয়ারই এখন রাস্তায় কাজে ব্যস্ত। যোগাযোগমন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ লাঘবে ১১ জুলাই বিকালে আন্তঃমন্ত্রণালয়ের সভা ডাকা হয়েছে। এ সভায় ঈদ উপলক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।