সাকিব ইস্যুতে মন্তব্য করেননি মুশফিক
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২১:৩৮
সাকিব আল হাসানের শাস্তি নিয়ে কথা বলতে রাজি হননি জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। গতকাল মঙ্গলবার মিরপুরে অনুশীলন ক্যাম্পে রিপোর্টাররা তার সাথে এ ব্যাপারে কথা বলতে চাইলে অধিনায়ক আভাসে ইঙ্গিতে জানিয়ে দেন তিনি মন্তব্য করতে অপারগ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত সোমবার শৃঙ্খলা ভঙ্গের কারণে সাকিবকে সব ধরনের ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ করে। এছাড়াও ১৮ মাস দেশের বাহিরে খেলার ব্যাপারেও নিষেধাজ্ঞা দেয় বোর্ড।
মুশফিকুর রহিমের মতোই কথা বলতে চাননি মোহাম্মদ আশরাফুল। ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ আশরাফুল কাল হঠাত্ করেই মিরপুরে এসে একাডেমির মাঠে জাতীয় দলের খেলোয়াড়দের সাথে কিছু সময় কাটান। সেখানে তার কাছে সাকিবের ব্যাপারে মন্তব্য করতে বলা হলে তিনিও অপরাগতা প্রকাশ করেন।
এদিকে সাকিব ঘটনার দিন যেমন কারো সাথে কথা বলেননি, তেমনি কালও মুখ খোলেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট লেখেন। তিনি তাতে ভক্তদের সমর্থনের কথা উল্লেখ করে তার জন্য প্রার্থনারও অনুরোধ জানান।