নেইমারের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে না ফিফা

ব্রাজিল তারকা নেইমারকে ফাউল করে বিশ্বকাপ ছাড়া করলেও কলম্বিয়ার ডিফেন্ডার হুয়ান জুনিগার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিবে না ফিফা। জুনিগার হাঁটুর আঘাতেই নেইমারের পিঠের নিচের দিকের হাঁড় ভেঙ্গে যায়। কলম্বিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের খেলাটিতে ব্রাজিল ২-১ গোলে জিতে সেমিফাইনালে উঠলেও তা বিষাদে ঢেকে যায় নেইমারের প্রস্থানে। এ ঘটনায় কলম্বিয়ান ওই ডিফেন্ডারের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছিলেন অনেকে। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, এ ব্যাপারে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না। কারণ এই ঘটনা মাঠের রেফারি ভেল্যাসকো কারবালো দেখেছেন এবং সামলেছেন। এ প্রসঙ্গে ফিফার এক মুখপাত্র বলেছেন, ‘আমরা নেইমারের দ্রুত এবং পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।’ একই সঙ্গে কলম্বিয়া ম্যাচে ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভাকে যে হলুদ কার্ড দেয়া হয়েছে ওই ব্যাপারেও ফিফা তার অবস্থান পাল্টাবে না। ফিফা জানিয়েছে, ‘এই ধরনের অনুরোধ গ্রহণ করার কোনো আইনী ভিত্তি নেই।’