কৃষকদের বঞ্চিত করে ভর্তুকির সুবিধা নিচ্ছেন পাম্প মালিকরা

বোরো মৌসুমে সেচ কাজে কৃষকদের জন্য দেয়া বিদ্যুত্ বিলের ২০ভাগ ভর্তুকির সুবিধা পান না দিনাজপুরের ফুলবাড়ির চাষিরা। পুরো সুবিধা ভোগ করছেন নলকূপ মালিক এবং বিএমডিএ। বোরো চাষে উত্পাদন খরচ কমাতে সরকার এই ভর্তুকি দিলেও নলকূপের মালিকেরা চাষিদের কোন প্রকার সুবিধা দিচ্ছেন না। চাষিরা সরকারের এ ভর্তুকি সুবিধার কথা জানেনও না। তবে পিডিবি ফুলবাড়ি বিদ্যুত্ সরবরাহ অফিস এবং দিনাজপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর কর্তৃপক্ষ বলছেন, চাষিরা ভর্তুকির সুবিধা না পেলে সে বিষয়ে তাদের করণীয় কিছু নেই। চাষিদের উচিত সেচ পাম্প মালিকদের কাছ থেকে সরকারের ভর্তুকির সুবিধা আদায় করে নেয়া। চলতি বোরো মৌসুমে উপজেলার পৌর এলাকাসহ ৭টি ইউনিয়নের ১৩ হাজার ৬৬৫ হেক্টর বোরো ক্ষেতে সেচের জন্য ৬ হাজার ৫১৬টি সেচযন্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে বিদ্যুত্ চালিত ২২১টি গভীর নলকূপ ও ২ হাজার ২৫০টি অগভীর এবং ডিজেল চালিত ৪ হাজার ৪৫টি অগভীর নলকূপ ব্যবহার করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল আলম বলেন, সেচ পাম্প মালিকরা কখনো চাষিদের ভর্তুকির সুবিধা দেয় না। তবে ভর্তুকি সুবিধা আদায়ের জন্য চাষিদের সচেতন হতে হবে।