সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় ব্যবসায়ী নিহত

নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্ত এলাকায় ভারত থেকে গরু ?আনার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে অজ্ঞাত এক ভারতীয় গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় জিল্লুর রহমান নামে আরো এক ভারতীয় গরু ব্যবসায়ী আহত হয়েছেন। নিহত ও আহত দুইজনের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুরে জানা গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্যাম্প পর্যায় পতাকা বৈঠক শেষে আহত জিল্লুর রহমানকে ফেরত দেয়া হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) -৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম জানান, ভোরে জিল্লুর রহমান ও তার সহযোগী চোরাই পথে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন। এ সময় তারা বামনপাড়া সীমান্তে ২৪৫ নম্বর পিলারের কাছে এলে বিএসএফের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ভারতীয় সীমান্তে ওই অজ্ঞাত ব্যক্তি মারা যান। এ সময় অপরজন জিল্লুর রহমান গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে।