বিনোদন রিপোর্ট
এনটিভিতে ঈদে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘রং চা’। এজাজ মুন্নার রচনায় নাটকটি পরিচালনা করেছেন অসীম গোমেজ। অভিনয় করেছেন সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আরফান আহমেদ, নাঈম, ফারহানা মিলি, মৌটুসী, অর্ষা, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, শিখা মৌ, তারিক স্বপন প্রমুখ। তিন বন্ধু মিলে একটা ট্রাভেল এজেন্সি দাঁড় করায়। যাদের কাজ হচ্ছে দেশের দর্শনীয় স্থানে ভ্রমণ করা। এমন একটি ভ্রমণকাহিনি নিয়েই এই গল্প। এবারের ভ্রমণের প্রথম ঝামেলা বাঁধে সিট নিয়ে। সবাই চান জানালার পাশে বসতে। এই ভ্রমণে দেখা যায়, কিছু দম্পতি, অবাহিত মানুষ, যাঁরা আসলে অসুখী। তবুও সুখের সন্ধানে তাঁরা বেরিয়েছেন। একেকজনের এককেরকম সমস্যা। সমস্যা বাড়তে বাড়তে এক সময় মহা হুলুস্থুল বাঁধে। এমন অবস্থায় আগমন ঘটে এক তরুণীর, যে সবার মনের কথা বলে দিতে পারে। একজন থাকেন যিনি দার্শনিক দৃষ্টিভঙ্গির। তিনি সকল কর্মকাণ্ড দূর থেকে দেখেন। যখন সবার মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে তখন তিনি এগিয়ে আসেন এবং সুন্দর একটা সমাপ্তি টানেন।