বউ বাজারে দোকান বরাদ্দ দেয়ায় মহিলাদের কর্মসংস্থানের সুযোগ

রাজশাহী জেলার পবা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম বড়গাছী। মহিলাদের কর্মসংস্থানের জন্য এই বড়গাছী বউ বাজারে একটি বেসরকারি সংস্থা আলাদা দোকানঘর বরাদ্দ দেয়ায় মহিলাদের কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি হয়েছে। সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা গেছে, পবার বড়গাছী ইউনিয়নের হতদরিদ্র মহিলারা দোকানঘর বরাদ্দ নিয়ে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ও বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে দোকান দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং স্বামী-সন্তান নিয়ে সুখে-শান্তিতে দিন অতিবাহিত করছেন। কেয়ার বাংলাদেশ-এর অর্থায়নে নির্মিত ২৫টি পাকা দোকানঘর ও ১৯টি টিনশেড দরিদ্র নারীদের ব্যবসা করার জন্য বরাদ্দ দেয়া হয়। নামেমাত্র তাদের কাছ থেকে পাকা দোকানঘরের জন্য বার্ষিক ৩শ টাকা এবং টিনশেডের জন্য ৫০ টাকা করে নেয়া হয়। বউ বাজারের সভানেত্রী সালেহা বেওয়া জানান, বহু কষ্টে তারা অর্ধাহারে-অনাহারে দিন অতিবাহিত করেছেন; কিন্তু এই দুর্দিনে কেউ সাহায্যের হাত বাড়ায়নি। তার দুই ছেলে, নাতি-নাতনী নিয়ে ৬ জনের সংসার। সভানেত্রীর ডিজিটাল স্টুডিও ও ফটোস্ট্যাটের দোকান থেকে প্রতিমাসে গড়ে ১৫ হাজার টাকা আয় হয়। বর্তমানে তিনি ব্যবসা করে ভালই আছেন। বউ বাজারের অন্য মহিলা দোকানদারগণ জানান, দোকান চালু হওয়ার পর থেকে তাদের কারো কাছে কোনরকম সাহায্যের জন্য হাত বাড়াতে হয়নি।