ঈদ নাটকের গল্পকার আফরান নিশো

বিনোদন রিপোর্ট

 

কয়েকদিন পরেই ঈদ। চ্যানেল ও নাটকের সংখ্যা বাড়ার কারণে ছোটপর্দার তারকাদের ব্যস্ততাও এখন ঈদের আগের দিন পর্যন্ত চলে। ঈদে যেসব অভিনেতাকে নিয়ে দর্শকদের আগ্রহের মাত্রা একটু বেশিই থাকে তাঁদের মধ্যে অন্যতম আফরান নিশো। তাঁর অভিনয়ের ঢং ও চরিত্রের ভিন্নতা দর্শকদের কাছে বিশেষ এক জায়গা তৈরি করেছে।

তাই বিশেষ দিবস মানেই প্রায় সব চ্যানেলে তাঁর নাটক দেখতে পান দর্শকরা। শুধু চ্যানেলেই নয়, ইউটিউবেও প্রচার হবে তাঁর ঈদের নাটক। শুধু অভিনয় নয়, তাঁর গল্পে এবার নির্মিত হয়েছে ঈদ নাটক।

‘মুঠোফোন’ শিরোনামে নাটকের শুটিং শেষ। নাটকটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। এদেশে মুঠোফোনের ব্যবহার যখন শুরু সেই সময়টা কেমন ছিল? মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তো কেমন? এসব চিত্র তুলে ধরা হয়েছে এই নাটকে। গল্পটি ২০০৩-২০০৪ সালের। যাঁরা  সেসময় প্রেম করতেন তাঁরা বেশি করে নিজেদের খুঁজে পাবেন। নস্টালজিক হওয়ার ব্যাপার আছে বলে জানান নির্মাতা। ‘মুঠোফোন’ নাটকে নিশোর বিপরীতে অভিনয় করেছেন মেহজাবীন। নিশোর এই গল্পের চিত্রনাট্য করেছেন অবয়ব মিদি। ইউটিউব চ্যানেলে এই নাটকটি ঈদ উপলক্ষে প্রচার হবে।