শিয়ালশন ও জিনইরের রাস্তার বেহাল দশা
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২২:২০
আদমদীঘির শিয়ালশন-জিনইর রাস্তার বেহাল দশা হয়ে পড়েছে। শত শত ছোট বড় গর্তের সৃষ্টি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে পথচারী ও যানবাহন। একটু বৃষ্টির পানিতে সড়কগুলোর গর্ত ভরে থই থই অবস্থা। জনগুরুত্বপূর্ণ ব্যবহারের এই রাস্তাটি গত ৮/৯ বছরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জানা যায়, আদমদীঘির শিয়ালশন-জিনইর গ্রামের এই রাস্তা দিয়ে আক্কেলপুর উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন চলাচল করে থাকে। জনগুরুত্বপূর্ণ এই পাকা রাস্তা দিয়ে প্রতিদিন ট্রাক, অটোটেম্পু, রিক্সাভ্যান মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। আক্কেলপুরের বাগেরবাড়য়াি মারমা বেগুনবাড়ীয়া সোনাতপুর, চেচুরিয়া ও আদমদীঘি উপজেলার কাশিমালকুড়ি, কোমারপুর, মঙ্গলপুরসহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা, যশোহরসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকে। শিয়ালশন-জিনইর রাস্তাটি গত ৮/৯ বছরে সংস্কার না করায় পাকা কংক্রিট উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহনসহ পথচারী চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে।