খোশ আমদেদ মাহে রমজান
অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২২:৫৩
আজ ১০ রমজান, আজকের সূর্য অস্ত গেলে মাহে রমজানের রহমত দশকের সমাপ্তি হয়ে শুরু হবে মাহে রমজানের মাগফিরাত দশকের যা অব্যাহত থাকবে ২০ রমজানের সূর্যাস্তের আগ পর্যন্ত।
প্রিয়নবী সরকারে দো আলম নূরে মুজাস্সম হযরত মুহম্মদ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়াসাল্লামের প্রিয় বিবি হযরত খাদীজাতুল কুব্রা রাদিআল্লাহু তা’আলা আন্হা ৬২০ খ্রিস্টাব্দের ১০ রমজান তাঁর গৃহে ইন্তিকাল করেন। এই সময় তাঁর পাশে ছিলেন প্রিয়নবী (সা.)।
আমরা জানি মক্কার কাফির-মুশরিকরা কোনোভাবেই হযরত মুহম্মদ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লামকে ইসলাম প্রচার করা থেকে নিবৃত্ত করতে পারছিলেন না তখন তারা তাকে এবং তাঁর লোকজন ও তাঁর প্রতি সহানুভূতিসম্পন্ন গোত্রগুলোকে বয়কট করে। প্রিয়নবী সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম সবাইকে নিয়ে আবু তালিব গিরি সংকটে অবস্থান করলেন। প্রায় তিন বছর সেই গিরি সংকটে দারুণ কষ্টের মধ্যে দিন কাটলো। হযরত খাদীজা রাদিআল্লাহু তা’আলা আন্হা তাঁর সন্তানদের নিয়ে স্বামীর পাশেই ছিলেন। বয়কটের অবসান হলে সবাই গৃহে ফিরলেন। এই সময় একদিন তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন এবং ইন্তিকাল করলেন। তাঁকে গোসল করানোর পর কাফন পরিয়ে জান্নাতুল মু’আল্লা গোরস্থানে নিয়ে আসা হলো এবং তাঁর শিশু পুত্রদের কাছে দাফন করা হলো। প্রিয়নবী সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম নিজ মুবারক হাত দিয়ে তাঁকে কবরে শোয়ায়ে দেন। বর্তমান লেখক সস্ত্রীক ২০০২ খৃস্টাব্দে হযরত খাদীজা রাদিআল্লাহু তা’আলা আনহার মাযার শরীফ জান্নাতুল মু’আল্লায় জিয়ারত করেছেন। হযরত খাদীজা (রাদি.)-এর উপাধি ছিলো তাহিরা। তার ইন্তিকালের বছরকে বলা হয় শোকের বছর।
হযরত খাদীজা রাদিআল্লাহু তা’ আলা আন্হা মক্কার কুরায়শ বংশের সম্মানিত গোত্র আসাদ ইবেন আবদিল উজ্জায় জন্ম গ্রহণ করেন। তিনি মক্কার অত্যন্ত সম্ভ্রান্ত ও ঐশ্বর্যশালী নারী ছিলেন। তাঁর ছিলো ব্যবসা-বাণিজ্য সুদূর চীন দেশ পর্যন্ত বিস্তৃত। প্রিয়নবী সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লামের সংগে তাঁর শাদী মুবারক সম্পন্ন হয় ৫৯৫ খৃস্টাব্দে। তখন তাঁর বয়স ৪০ বছর এবং প্রিয়নবী তখন ২৫ বছর বয়স্ক এক যুবক। এই শাদীর পূর্বে খাদীজা (রা.) এর আরো দু’বার শাদী হয়েছিলো, কিন্তু তারা কেউই বেঁচে থাকেননি। হযরত খাদীজা (রা.) তাঁর বিশাল ধন-সম্পদ ইসলামের কাজে ব্যয় করেন। প্রিয়নবী সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম শাদী করার পর থেকেই প্রায়শ মক্কার কা’বা শরীফ থেকে প্রায় ৩ মাইল উত্তর-পূর্বে অবস্থিত হিরা গুহায় অবস্থান করতেন। মাঝে মধ্যেই হযরত খাদীজা (রাদি.) সেখানে স্বামীর সংগে থাকতেন। ৬১০ খৃস্টাব্দের রমজান মাসের কোনো এক বেজোড় রাতে প্রিয়নবী (সা.) প্রথম ওহী প্রাপ্ত হন। তিনি গৃহে ফিরে এসে স্ত্রী খাদীজাকে (রাদি.) সব ঘটনা বলেন। হযরত খাদীজা (রাদি.) সর্বপ্রথম ইসলামে ঈমান আনয়ন করেন।