সমুদ্রসীমার রায়কে স্বাগত জানিয়েছে ভারত

বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধপূর্ণ সাড়ে ২৫ হাজার বর্গকিলোমিটার এলাকার নতুন সমুদ্রসীমা নির্ধারণ করে আন্তর্জাতিক সালিশি আদালতের দেয়া রায়কে স্বাগত জানিয়েছে ভারত। এর মাধ্যমে দু্ই দেশের সম্পর্ক আরো এগিয়ে যাবে বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। বঙ্গোপসাগরের সীমা, অর্থনৈতিক অঞ্চল এবং মহীসোপানের তলদেশে সার্বভৌম অধিকার নিয়ে বাংলাদেশ ও ভারতের দাবির শুনানি শেষে নেদারল্যান্ডসের স্থায়ী সালিশি আদালত সোমবার রায়ের অনুলিপি দুই দেশের রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করে। গতকাল মঙ্গলবার সেটি প্রকাশ করে সরকার। বিরোধপূর্ণ ওই এলাকার মধ্যে প্রায় সাড়ে ১৯ হাজার বর্গকিলোমিটার এলাকা বাংলাদেশকে দিয়ে সীমা নির্ধারণ করে আদালত। গতকাল বিকালে ভারত সরকারের পরররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, আমরা আদালতের রায়কে শ্রদ্ধা করি এবং এর পূর্ণ বাস্তবায়ন নিয়ে কাজ চলছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমুদ্রসীমার এই নিষ্পত্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক আরো বৃদ্ধি করবে। এর ফলে এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত হবে এবং এর মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে।