বিএনপি মিথ্যাচার ও হত্যার রাজনীতি লালন করছে

তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি মিথ্যাচার ও রাজনৈতিক প্রতিপক্ষকে শারীরিকভাবে ঘায়েল করতে পারদর্শী। দলটি প্রতিষ্ঠার পর থেকে সারাদেশে মিথ্যাচার ও হত্যার রাজনীতি লালন করে চলেছে। মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। গত সোমবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, ‘মন্ত্রিত্ব টিকিয়ে রাখতে ও শেখ হাসিনাকে খুশি করতে তথ্যমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার হুমকি দিয়েছেন। একই কথা বলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।’ এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার কোন হুমকি দেইনি। এটি ডাহা মিথ্যাচার ছাড়া কিছুই না। আমি বলেছি জামায়াত, হেফাজত, যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদ ত্যাগ না করলে রাজনীতি ও গণতন্ত্র বাঁচাতে খালেদা জিয়াকে রাজনীতির বাইরে পাঠানো হবে। তিনি তাদেরকে ত্যাগ করেনি বিধায় খালেদা জিয়া সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি। গণতন্ত্রের জন্য বড় হুমকি। হাসানুল হক ইনু বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক রাজনীতির বদলে হত্যা, খুন, চক্রান্ত, ষড়যন্ত্রের রাজনীতিতে পারদর্শী অর্জন করেছে। বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে চক্রান্ত করেছে। একুশে আগস্ট শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র, হুজি দিয়ে ৫শ’ বোমা হামলা, জাতীয় পতাকা ছেঁড়া, শহীদ মিনার ভেঙ্গেছে।