জন্মদিনে জ্যোতি বসুকে স্মরণ করল নারায়ণগঞ্জবাসী
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২৩:১৯
উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুুরোধা ব্যক্তিত্ব জ্যোতি বসুর পৈতৃক বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী গ্রামে। সে কারণে মঙ্গলবার এ মহান নেতার জন্মদিনে তাকে স্মরণ করলো নারায়ণগঞ্জবাসী।
এ উপলক্ষে পরিবেশবাদী সংগঠন নির্ভীক এর উদ্যোগে শহরের চাষাঢ়ায় বালুর মাঠে ‘নিউজ নারায়ণগঞ্জ ডটকম’ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়।
নির্ভীকের সমন্বয়ক এটিএম কামালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাহিদ হাসান রোজেল, কবির হোসেন মৃধা, ইমন কুমার বণিক, সেলিম মাস্টার, আশিকুর রহমান আলী, রাকিবুল মোস্তাকিম শিপলু প্রমুখ। সভায় জ্যোতি বসুর জীবন ও কর্ম নিয়ে বক্তারা আলোচনা করেন।
প্রসঙ্গত, সোনারগাঁওয়ের বারদীর পৈতৃক বাড়িটি ঘিরে জ্যোতি বসুর রয়েছে নানা স্মৃতি। তাই বাড়িটি সংস্কৃতি মন্ত্রণালয়ের পুরাকীর্তি বিভাগের তত্ত্বাবধানে নিয়েছে সরকার। এখানে গড়ে তোলা হচ্ছে জাদুঘর। ১৯৮৭ সালের ২০ জানুয়ারি ও ১৯৯৭ সালের ১১ নভেম্বর জ্যোতি বসু বারদীতে এসেছিলেন। জ্যোতিবসু ১৯১৪ সালের ৮ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের ৪৩/১, হ্যারিসন রোডের একটি বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ডা. নিশিকান্ত বসুর জন্ম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারদীতে। তবে জ্যোতি বসুর জন্মের পূর্বেই তিনি বাংলাদেশ থেকে কলকাতায় চলে যান।